টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে।
হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা পুলিশ আটক করেছে। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রি স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানায় তিনি। স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে দেয়।
থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। হত্যা মামলা প্রক্রিয়াধীন।
