ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশাচালক মো. শামীম হক (২৬) হত্যা রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মো. রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম আহম্মেদ।
পুলিশ সুপার জানান, নিহত শামীম হক এবং গ্রেপ্তার রাকিবুল ইসলাম দুজনেই উপজেলার তারাটি চরপাড়া গ্রামের বাসিন্দা। তারা পেশায় অটোচালক। এর মধ্যে রাকিবুল ঋণগ্রস্থ হওয়ায় সে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। অপরদিকে নিহত শামীমও মোবাইল কেনার জন্য টাকার অভাবে ভুগছিলেন। এই অবস্থায় তারা দুজনেই পরিকল্পনা করে শামীমের ভাড়ায় চালিত অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগ করে নেবে এবং মালিককে বলবে অটোরিকশা চুরি হয়ে গেছে।
এই পরিকল্পনামতেই তারা গত ১৯ জানুয়ারি ওই অটোরিকশাটি নিয়ে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে গিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে শামীম দুই হাজার টাকা দেয় রাবিকবুলকে। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে শামীমকে খুনের পরিকল্পনা করেন। পরে মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামের একটি নির্জন স্থানে গিয়ে তার জ্যাকেটের ফিতা খুলে শামীমের গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ ফেলে পালিয়ে যায় রাকিবুল।
তিনি আরো জানান, এ ঘটনায় অটোরিকশাটি এখনও উদ্ধার করা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা আক্তার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামের একটি ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক শামীম হকের মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। পরে ওইদিনই নিহতের বাবা মো. সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞতাদের আসামি করে এই মামলা দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে ডিবি পুলিশ।
অনিবন্ধিত মোবাইল সেট বন্ধে বিজ্ঞপ্তি