চলতি বিপিএলে দুই দিনেই দুটো ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটকে হারিয়ে শুরু করলেও গতকাল তারা খুলনার কাছে হেরে যায়। এই দুই ম্যাচেই দলের সঙ্গে ছিলেন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ছিলেন চট্টগ্রামের অতিথি হয়ে। অতিথি কেননা তখনো পর্যন্ত নিজের বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পাননি হারিস। আজ সুরাহা হয়েছে এ বিষয়ে। পিসিবি অনাপত্তিপত্র দেয়নি হারিসকে। অগত্যা অতিথি হিসেবেই দুদিনের বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তানের বিমান ধরতে হয়েছে হারিসকে।
হারিসের মতোই অনাপত্তিপত্র পাননি ফখর জামান, ইফতিখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। বিপিএলের এ আসরে ফরচুন বরিশালে খেলার কথা ফখরের। ইফতিখার ও নাসিম শাহ ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডে। তবে বিপিএল খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না। হারিস পিএসএলের বাইরে এরই মধ্যে দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন। এছাড়া অনাপত্তিপত্র না দেওয়ার পেছনে কাজ করেছে আসন্ন পাকিস্তান সুপার লিগ ও জুন থেকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।