নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থায় আছে’। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘প্রেস ক্লাবটা কেমন কুক্ষিগত ছিল, এবার কুক্ষিগত না। সাংবাদিক ইউনিয়নও কুক্ষিগত না। নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থায় আছে। কিছু অপসাংবাদিকও আছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ উন্নয়ন চায়, এটা অবশ্যই সত্য। কিন্তু মানুষ তারচেয়েও বেশি শান্তিতে থাকতে চায়। মানুষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমি আমার মতো করে থাকব, আমার মতো করে বাঁচব।’
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে আমি ব্যাপক উন্নয়ন করেছি। এসব উন্নয়নের কথা বললে মানুষ হাততালি দেয়। কিন্তু যখন মাদক-সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং বন্ধ করার কথা বলেছি, তখন খুশি হয়। কারণ মানুষ চায় আমি একটা মুদি দোকান করব, কেউ আমার দোকানে চাঁদা নিতে আসবে না। মানুষ চায় আমি ঘরের দরজা খুলে শোব, কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। মানুষ চায় আমি কষ্ট করে জমি কিনব, কেউ সাইনবোর্ড দেবে না। এই জিনিসগুলো আজকে ব্যাপক আকার ধারণ করেছে।’এ সময় তিনি নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে নানা আয়োজনের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। তিনি বলেন, ‘বহু টেলিভিশন আছে প্রতিনিধিদের শুধু বুম ধরিয়ে দিচ্ছে আর আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ঘষা দিয়ে টাকা বের করে। দুই পক্ষই বের করে নিচ্ছে। নারায়ণগঞ্জে সাংবাদিকের মধ্যে এ অবস্থা কিছুটা কম। কিন্তু এমনও জেলা আছে, যেখানে মানুষের চাইতে সাংবাদিক বেশি।’
কুষ্টিয়ার উদহারণ টেনে বলেন, ‘সেখানে ৫৩টি দৈনিক পত্রিকা। একজন জেলা প্রশাসক বদলি হওয়ার আগে ২৩টি দৈনিক পত্রিকার অনুমোদন দিয়ে গেছেন। এসব পত্রিকা অনুমোদন পাওয়ার উপযুক্ত কিনা, অনুমোদন পাওয়ার জন্য সঠিক নিয়ম অনুসরণ করেছে কিনা তা দেখেনি। ফলে অনেক পত্রিকা কার্ড বিক্রি করছে। আর কার্ডধারী লোকজন অপসাংবাদিকতা করে যাচ্ছে।’
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রুমন রেজা, মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত প্রমুখ।
