রবিবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে পৌঁছেছে ইংল্যান্ড। শুধু দলের সঙ্গে পৌঁছাননি ২০ বছর বয়সী আনকোরা ইংলিশ স্পিনার শোয়েব বশির। ভিসা সংক্রান্ত জটিলতায় তাকে থেকে যেতে হয়েছে আমিরাতে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ সংবাদ জানানোর পাশাপাশি দ্রুত নিষ্পত্তির জন্য যোগাযোগ করা হয়েছে বিসিসিআই ও ভারত সরকারের সঙ্গে।
সমারসেটের এ অফস্পিনার অপ্রত্যাশিতভাবেই ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। প্রথম শ্রেণিতে তার উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল ঘোরানোর মারাত্মক ক্ষমতা খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। বশিরের জন্ম সারে-তে হলেও তার পরিবারের আদি নিবাস পাকিস্তানে। দেশটির গণমাধ্যম ডেইলি মেইল সংবাদ প্রকাশ করেছে, এ জন্যেই ভিসা সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হয়েছে বশিরকে।
বশিরের এই অবস্থা নিয়ে ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘কিছু বিষয়ে সময় লাগেই। আমাদের পক্ষে করণীয় সবকিছুই আমরা করছি। ওখানে তার সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি আজকের মধ্যেই এ জটিলতা দূর হবে এবং সে ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবে।’
পারিবারিক কারণে ভারত থেকে রবিবার দেশে ফিরে যান হ্যারি ব্রুক। এই সিরিজে তার বদলী ড্যান লরেন্সও এই মুহূর্তে আমিরাতে আছেন। বশিরের সঙ্গে আছেন ইসিবির ক্রিকেটে অপারেশন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর স্টুয়ার্ট হুপার। ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য হায়দ্রাবাদে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড।
