ধর্ষণের পর শিশুকে শ্বাসরোধে হত্যা, বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিখোঁজ শিশু হালিমার লাশ তার চাচার বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোকামতলা লস্করপুর মধ্যপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে হালিমা নিখোঁজ হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত হালিমা মোকামতলা লস্করপুর মধ্যপাড়া চা দোকানদার হাবলু মিয়ার মেয়ে। অপরদিকে নিহতের চাচাতো ভাইকে (১৫ বছর) আটক করেছে পুলিশ। এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সিন্ধ আকতার, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবালসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, গত ১৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু হালিমা (৭)। এরপর বিকেলে তাকে খুঁজে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোমিনুল ও রাজশাহী থেকে আসা ৮ সদস্যের ডুবুরি দল বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালালেও হালিমার সন্ধান মেলে না।

এদিকে ঘটনার চতুর্থ দিন সোমবার দুপুরে শিশু হালিমার আপন চাচা আনিছুরের বাড়িকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ আনিছুরের ঘর থেকে শিশু হালিমার বস্তাবন্দী লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নিখোঁজ শিশু হালিমার বস্তাবন্দী লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মহিলা কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচাতো ভাই এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত