পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১ হাজারের বেশি পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েও পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। পরিদর্শিকা পদে ১ হাজার ৮০টি পদের নিয়োগের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, গত বছর মে মাসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু লিখিত ১৪ জানুয়ারি লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলে তাদের সবার পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার একটি বিজ্ঞপ্তি দেয় অধিদপ্তর। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হলে আদালত রুল দিয়েছেন।
