সৌদি আরব সুযোগ দিলে হজের নিবন্ধনের সময় বাড়বে: ধর্মমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘গত ১৮ জানুয়ারি হজের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। হাবের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের আল্টিমেটাম দিয়েছি। আমরা আর সময়সীমা বাড়াতে চাই না, এই কথা তাদের জানিয়েছি। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা সুযোগ দিলে ব্যবস্থা নেব, না হলে এ পর্যন্তই শেষ।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে পৌর শহরের বকুলতলা মোড়ে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা তাকে বলেন, ১৮ জানুয়ারি হজের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। তবে সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনও প্রায় ৭৪ হাজার মুসুল্লি নিবন্ধন করতে পারেননি। 

নতুন করে সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ সব কাজ ঢিলেঢালা ভাবে করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় পরে আর সময় থাকে না। বাংলাদেশ যখন সব দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা আর পিছিয়ে থাকতে চাই না। অতএব তারিখ পরিবর্তন করতে চাই না।’

একই সময় ভিন্নসুর শোনা যায় তার কণ্ঠে। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলছি। যদি তারা দুই-চার দিনের জন্য সুযোগ দেয় আমরা সময় বাড়াতে কার্যকর ব্যবস্থা নেব। না হলে এ পর্যন্তই শেষ।’

চূড়ান্ত নিবন্ধন না করার বিষয়ে হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে ধর্মমন্ত্রী বলেন, ‘এবারই প্রথম নয়। প্রতিবছরই বাংলাদেশের হজ এজেন্সির মালিকরা শেষ সময়ে গিয়ে কম টাকায় বাড়ি ভাড়া পাওয়ার জন্য এই পলিসি গ্রহণ করে। আমরা এটা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত