ছুটি কাটাতে গিয়ে হাসপাতালে ‘ফিফটি শেডস’-এর নায়ক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম

ছুটি কাটাতে গিয়ে বিপাকে পড়লেন ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত হলিউড অভিনেতা জেমি ডরনান। সম্প্রতি বন্ধুদের সঙ্গে পর্তুগালে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই বাধে মহা বিপত্তি। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হন অভিনেতা।

গল্ফ খেলার সঙ্গী গর্ডন স্মার্টের সঙ্গে পর্তুগালে ছুটি কাটাতে গিয়েছিলেন জেমি। সেখানে গিয়ে তারা একসঙ্গে গল্ফ খেলেন। একসঙ্গে সুরাপানও করেন। তবে পরের দিনই ঘটে বিপত্তি। গর্ডনের বাবা চিকিৎসক, ফলে নিজের শরীরের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখেই তিনি হাসপাতালে যোগাযোগ করেছিলেন। তার কিছুক্ষণ পরেই নাকি অসুস্থ হয়ে পড়েন জেমি।

অভিনেতা জানান, তার বাঁ হাত থেকে নাকি সাড় চলে গিয়েছিল। আস্তে আস্তে তার ডান হাত ও পা-ও নিঃসাড় হয়ে যায়। তৎক্ষণাৎ জেমিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর, পর্তুগালে যে গল্ফ কোর্সে গল্ফ খেলছিলেন জেমি ও গর্ডন, সেখানেই নাকি বিষাক্ত শুঁয়োপোকার বাস। সেই শুঁয়োপোকার কামড়েই নাকি শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাদের। পাশাপাশি, ছুটিতে থাকাকালীন অত্যধিক মদ্যপানের ফলে নাকি আরও বাড়াবাড়ি হয়েছিল। খবর, আপাতত সুস্থ আছেন জেমি ও গর্ডন দু’জনেই। এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি জেমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত