হজ নিবন্ধনের সময় আর বাড়াতে চান না ধর্মমন্ত্রী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২৩ এএম

হজের চূড়ান্ত নিবন্ধনের সময় বাড়ানো নিয়ে হজ এজেন্সি মালিকদের দোষারোপ করেছেন ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল। তিনি বলেছেন, ‘প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকরা এই (সময় বিলম্বিত) কাজটি করে থাকেন। তারা সব সময় চিন্তা করেন শেষ সময় গিয়ে কম ভাড়ায় বাসা পাই কি না। আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের বকুলতলা মোড়ে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৮ জানুয়ারি হজের চূড়ান্ত নিবন্ধন শেষ হয়েছে। সার্ভার জটিলতাসহ নানা কারণে এখনো প্রায় ৭৪ হাজার মুসল্লি নিবন্ধন করতে পারিনি। নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়ানো হবে কি না? জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা হাবের সঙ্গে গত পরশুদিন মিটিং করেছি এবং তাদের আল্টিমেটাম দিয়েছি, আমরা তারিখ পরিবর্তন করতে চাই না।’ 

তবে কথা পাল্টে ধর্মমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের জন্য সুযোগ দেয় আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থাগ্রহণ করব। নচেৎ আমাদের এই পর্যন্তই শেষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত