সিলেট নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন এবং ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের সময় পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, পাঠানটুলা এলাকায় যুবলীগ নেতা বিদ্যুৎ দাস ও যুবলীগ নেতা রানা আহমদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জেরে বুধবার রাতে উভয়পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা মোটরসাইকেল ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। সংঘর্ষে আহত বিদ্যুৎ দাস, রশিদ আহমদ, কয়েছ মিয়া, রিপন মিয়া ও আলী আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
