বাবার আঘাতে ছেলের মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম

বগুড়ার শিবগঞ্জে বাবার কাঠের বাটামের আঘাতে গুরুতর আহত ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে পাবিবারিক বিবাদে এ ঘটনা ঘটেছে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে। নিহত ফারাজ আলী (২৪) ওই গ্রামের সোহরাব উদ্দিন ছেলে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান।

তিনি জানান, বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি তার ছোট ভাই খাওয়ায় ফারাজ ছোট ভাই ও মায়ের সাথে বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান ফারাজ।

পরিদর্শক জিল্লুর রহমান আরও বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে আটকও করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত