ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮ জন ভর্তি হয়েছে। যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচজন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ৯৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতলে ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৩ জন। এ সময়ে ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।
