গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে জামালপুরের ইসলামপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় নানা শ্রেণি-পেশার হাজারও মানুষ। প্রতি বছরই এমন প্রতিযোগিতা আয়োজন করার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরাপুর গ্রামে স্থানীয় যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে জামালপুর, শেরপুরসহ আশপাশের সাত জেলা থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন পেশাদার ঘোড়ার মালিকরা। প্রতিযোগিতায় মোট ৫০ জন অংশ নেয়। এর মধ্যে ৭ রাউন্ডে বিজয়ী হয় ২১ জন।
ঘোড়া দৌড় দেখতে আসা দর্শকরা জানান, অনেকদিন পর এই খেলা দেখে তারা আনন্দিত। আবার অনেকেই এই খেলা প্রথমবার দেখেছেন। এমন খেলা প্রতিবছরই আয়োজন করার দাবি জানান তারা।
ঘোড়া মালিকরা জানান, অর্থ নয়, শুধুমাত্র আনন্দের জন্য শখের বশে এই খেলায় অংশ নেন তারা। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।