সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ দেখিয়ে দেশে ফিরেই রংপুরের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান। সাকিবের ফেরার ম্যাচে তার দল ২৮ রানে হেরেছে খুলনা টাইগার্সের কাছে। এই ম্যাচে সাকিব কোটার পুরো ওভার বোলিং করলেও ব্যাটিংয়ে নামেন আট নম্বরে। এ নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ষষ্ঠবার আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন সাকিব।
সবশেষ ২০২১ আইপিএলে কেকেআর জার্সিতে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান। বিপিএলে সাকিব আটে ব্যাটিং করেন অনেক আগে, ২০১৬-১৭ মৌসুমে। দূরন্ত রাজশাহীর বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আটে নেমেছিলেন সাকিব। ২০১৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকার দুই ম্যাচে আট নম্বরে ব্যাট করেছিলেন সাকিব। আর প্রথমবার ২০১১ আইপিএলে এই অর্ডারে কলকাতার হয়ে ব্যাট করেছিলেন।
বল হাতে ৪ ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২১ রান। ব্যাটিংয়ে ৪ বল খেলে করেন ২ রান। সাকিবের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম।
তিনি জানান, ‘আসলে সাকিব আল হাসান আসছেন। অনেকদিন ছিল না। আপনারা সবাই জানেন একটু চোখে সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি এ জন্য ব্যাট করেনি।’
সাকিব বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ‘না, সমস্যার কথা বলে নাই সে কালকে। আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’
অনুশীলনের বাইরে থাকা সাকিবের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন রংপুর কোচ। বলেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে...ওর একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।’
