দেশকে উগ্রবাদের ছায়ামুক্ত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি (অপারেশনস) মোহা. আবদুল আলীম মাহমুদ।
তিনি বলেন, তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের দেশের প্রচলিত আইন সম্পর্কে যথাযথ ধারণা, বহুত্ববাদে বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা খুবই জরুরি।
গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান ও সামসাদ নওরীন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এটিইউ এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে ‘এটিইউ-ডিইউডিএস’ সহিংস উগ্রবাদবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ডিআইজি আবদুল আলীম বলেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা একটা বিশ্ব বিস্তৃত ব্যাধি। সবার সম্মিলিত মনোযোগ, চিন্তাসমৃদ্ধ বিতর্ক এই ব্যাধি নিরাময়ের বিবিধ দ্বার উন্মোচন করতে পারে।
তিনি বলেন, সহিংস চরমপন্থা ও উগ্রবাদী মতবাদ সীমানা অতিক্রম করে সবাইকে প্রভাবিত করে। তাই আমরা যেন ডিবেটের শক্তির কথা মনে করি।’
