ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), অভিবাসন পুলিশ ও কাস্টমস।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি কাস্টমসের ইন্সপেক্টর মলয় রায় বাংলাদেশের হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদের হাতে মিষ্টি উপহার দেন। পরে তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিনসহ দুদেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিলি ক্যাম্প কমান্ডার তরুন শিং বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেনের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারতীয় অভিবাসন পুলিশের পক্ষ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অন্যকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা আমাদের লাড্ডু উপহার দিয়ে তাদের সেই দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এ সময় আমরাও তাদেরকে তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছি। এ ছাড়া তারা সীমান্তে দায়ীত্ব পালনরত বিজিবি ও ইমিগ্রেশন পুলিশকে লাড্ডু ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
