দেশে গত এক সপ্তাহ ধরে করোনা রোগী শনাক্তের হার ৬-৯ শতাংশের ঘরে ওঠানামা করছে। সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩২টি নমুনা পরীক্ষা করে ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।
সর্বশেষ করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে ছিল গত ১৯ জানুয়ারি। এরপর থেকেই সংক্রমণ বেড়ে শনাক্তের হার ৬ শতাংশের ঘরে পৌঁছে। এর মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ২৫ জানুয়ারি, ৯ দশমিক ২৬ শতাংশ।
তবে গত তিন দিন ধরে করোনা শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। সবশেষ গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। এর পরদিন শনাক্তের হার কিছুটা কমে ৮ দশমিক ৭০ শতাংশ ও তার পরদিন গতকাল আরও একটু কমে ৬ দশমিক ৪৮ শতাংশ হয়।
এই সাতদিনের মধ্যে গতকালই সর্বনিম্ন ২৮ জন রোগী ছিল। এর আগে এরচেয়ে কম রোগী ছিল ২০ জানুয়ারি, ১৩ জন। এ সময় সর্বোচ্চ রোগী ছিল ২৫ জানুয়ারি, ৪০ জন। তবে গত পাঁচদিন ধরে করোনায় কোনো মৃত্যু নেই। সর্বশেষ ১ জন মারা যায় ২২ জানুয়ারি। এ নিয়ে এ মাসের গত ২৭ দিনে মোট ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয় ও মারা যায় ৪ জন।
এ বছরও ডেঙ্গুতে নারী মৃত্যু বেশি : গত বছরের মতো এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে নারীদের বেশি মৃত্যু হয়েছে। গত ২৭ দিনে মোট মারা গেছে ১৪ জন। তাদের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ। অর্থাৎ মোট মৃত্যুর ৬৪ শতাংশ নারী ও ৩৬ শতাংশ পুরুষ।
এবারও রোগীদের বেশির ভাগই পুরুষ। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮১ জনে। তাদের মধ্যে ৬২৯ জন পুরুষ ও নারী ৩৫২ জন। অর্থাৎ মোট রোগীর ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। গত ছয়দিন ধরে ডেঙ্গুতে দেশে কোনো মৃত্যু নেই।
