'সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি' প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে প্রতীকী জাতিসংঘ সম্মেলনের ৮ম আসর। যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সম্মেলনের মহাসচিব ও সিইউমুনার সভাপতি আব্দুল্লাহ আল জিদান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের উপ-মহাসচিব তারিক মনোয়ার, মহা-পরিচালক ইসফাকুল কবির আসিফ, চীফ অব স্টাপ ফজলুল কাদের চৌধুরী, চার্জ ডি অ্যাফেয়ার্স মাহমুদ হাসান আজাদসহ অন্যান্য সদস্যরা।
আব্দুল্লাহ আল জিদান বলেন, প্রতিকী জাতিসংঘ সংস্থা কর্তৃক আয়োজিত সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবার ঢাবি, জাবি, রাবিসহ দেশ বিদেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ভারত, নেপাল, মালয়েশিয়া, সিয়েরা লিওন ইত্যাদি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরাও এ সম্মেলনে যুক্ত হবেন। সম্মেলনের সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, টিচ ফর বাংলাদেশ ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার
এ বছর আন্তর্জাতিক সম্মেলনে থাকছে ১০টি কমিটি। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা (ওপেক), আর্কটিক কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।
এসব কমিটিতে বিভিন্ন দেশের হয়ে তরুণ শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবেন। যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সুনীল অর্থনীতির বিস্তার ও টেকসই বিকাশে সম্ভাব্য বাধা উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সমাধান নিরূপণ ও ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করবেন।
