হার্টলিতে ভারত জয় ইংল্যান্ডের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:১০ এএম

বিশ্ব ক্রীড়াঙ্গনে গতকাল দিনটিই ছিল নিখাদ নাটকীয়তায় ভরা। পৃথিবীর আরেক প্রান্তে শামার জোসেফ ৭ উইকেট নিয়ে ইতিহাসগড়া জয় এনে দেন উইন্ডিজকে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দুই সেট হারের পর ফিরে এসে গ্র্যান্ড সø্যাম জেতেন ইয়ানিক সিনার। আর ভারতের মাটিতে ঘটে যাওয়া নাটকের মুখ্য ভূমিকা পালন করেন টেস্ট অভিষেক হওয়া ইংলিশ বাঁহাতি স্পিনার টম হার্টলি। দ্বিতীয় ইনিংসে তার ৭ উইকেট শিকারে একদিন বাকি থাকতেই ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ২৮ রানের জয় পায় ইংল্যান্ড।

ঘটনার আতিশয্য বোঝাতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের উক্তিই যথেষ্ট, ‘আমি অধিনায়কত্ব শুরুর পর শতভাগ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, এটিই আমাদের সেরা জয়।’ জয়ের জন্য শেষ ইনিংসে ২৩১ রান তাড়া করছিল ভারত। চতুর্থ দিনের শেষ ওভারে হার্টলির বলে মোহাম্মদ সিরাজ এগিয়ে এসে মারতে গেলে পরাস্ত হন। বেন ফোকস স্ট্যাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই আনন্দে মাতে ইংল্যান্ড।

ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ রানের বেশি লিড নেওয়ার পর এই প্রথম কোনো টেস্ট হারল ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করার পর ভারত করে ৪৩৬ রান। তাতে ১৯০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ওলি পোপের ১৯৬ রানের দুর্দান্ত ইনিংসে ৪২০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৪.১১ ওভারপ্রতি রেটে এ রান তোলে ইংলিশরা। আগের দিন পঞ্চম সেঞ্চুরি তুলে ১৪৮ রানে অপরাজিত পোপ কার্যকর কয়েকটি জুটি গড়ে তোলেন। ফোকসের সঙ্গে ১১২, রেহান আহমেদের সঙ্গে ৬৪ ও হার্টলির সঙ্গে ৮০ রানের জুটিতে সংগ্রহ বড় করতে পারে ইংল্যান্ড। পোপের সঙ্গে জুটি গড়ার পথে ৫২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন হার্টলি।

২৩১ রানের লক্ষ্য ভারতের স্পিন সহায়ক উইকেটে চতুর্থ ইনিংসে করা যে কঠিন তা প্রমাণ করে দিয়েছেন হার্টলি। তার স্পিনে বোকা বনে একে একে সাজঘরে ফেরেন যশস্বী, রোহিদ, শুবমান, অক্ষর, শ্রিকর, অশ্বিন ও সিরাজ। অষ্টম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে খেলা শেষ দিনে গড়ানোর সঙ্গে ম্যাচ জিতে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন শ্রিকর-অশ্বিন জুটি। দিনের খেলা শেষ হতে যখন যখন মাত্র দুই ওভার বাকি তখনই হার্টলির পঞ্চম শিকারে পরিণত হন শ্রিকর ভারত। বেন স্টোকসের অতিরিক্ত ৩০ মিনিট সময় নেন বাকি উইকেট তুলে নিতে। সেই সুযোগের সদ্ব্যবহার করে আরও দুটি উইকেট তুলে নেন হার্টলি। প্রথমে অশ্বিন ও শেষ উইকেট হিসেবে সিরাজকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেন এ অভিষিক্ত। এতেই জয়ের আনন্দে ভাসে ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত