জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরের কালিয়াকৈরে কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রবিবার বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বাজেবলিয়াদী এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের পর থেকে নিহতের ভাই ও দুই ভাতিজা পলাতক।
নিহত রেজা সাইদ আল মামুন উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। সাজনধারা এলাকার আফাজ উদ্দিনের ছেলে তিনি।
নিহতের পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আফাজ উদ্দিনের ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে পাঁচ নম্বর ছিলেন শিক্ষক রেজা সাইদ আল মামুন। এক মেয়ে, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। বড় মেয়ে সূচনা আক্তার সূচীকে বিয়ে দিয়েছেন। রেজা সাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বাজেবলিয়াদী এলাকায় বংশাই নদীর ধারে নিজের ফসলি জমি দেখতে যান রেজা সাইদ। সেখানে গিয়ে তার জমিতে কচুরিপানা দেখতে পান। জমিতে কেন কচুরিপানা ফেলা হলো জানতে চাইলে ক্ষিপ্ত হন তার বড় ভাই মজিবর রহমান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মজিবর ও তার ছেলে সুমন শিক্ষক রেজা সাইদকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রেজা সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভাই মজিবর রহমান ও তার ছেলে সুমন পালিয়ে যান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে ছুটে যান রেজা সাইদের কলেজের সহকর্মী ও স্বজনসহ বিভিন্ন এলাকার মানুষ। এ সময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রাত ৮টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের মেয়ে সূচনা আক্তার সূচী বাবার লাশের পাশে বসে বিলাপ করতে করতে বলেন, ‘আব্বু তুমি আদর্শ পিতা, আদর্শ শিক্ষক। তুমি মিথ্যা বলা শেখাওনি, আব্বু তুমি বলেছ অন্যায় সহ্য করবা না। আব্বু তোমাকে যারা পিটিয়ে মেরে ফেলেছে, তাদের ছাড়ব না। আমরা তোমার হত্যাকারীদের বিচার করব।’
কালিয়াকৈর থানার ওসি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
