চট্টগ্রাম নগরে দশতলা ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপুরা পশ্চিম গলি 'নেপচুন টাওয়ারে' এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মোনাম সামাদ তাহমীন (১৫)। সে মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম হায়দার আলী। তিনি নগরের আগ্রাবাদ এক্সেস রোডে আরএফএল শোরুমে চাকরি করেন। নিজের মালিকানাধীন ওই ভবনের দশম তলায় তিন মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন হায়দার আলী।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, খবর পেয়ে চন্দনপুরা এলাকার পশ্চিম গলি এলাকার নেপচুন টাওয়ার-এর নিচ থেকে মোনাম সামাদ তাহমীন নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকবাজার থানা কার্যালয়ে ওই স্কুলছাত্রীর বাবা হায়দার আলী দেশ রূপান্তরকে জানান, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে আমি আগ্রাবাদ এলাকায় কর্মস্থলে চলে যাই। যাওয়ায় সময় স্কুলে যেতে আমার কাছ থেকে ৫০ টাকা গাড়ি ভাড়াও নিয়েছে সে। এর আগে আমার স্ত্রী ছোট মেয়েকে অন্য একটি স্কুলে পৌঁছে দিতে যান। সকাল ১০টার দিকে খবর পাই আমার মেয়ে ভবন থেকে পড়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে বাবা হায়দার আলী বলেন, মেয়েটি চোখে কম দেখত, এজন্য চশমা পরত। রোদে গেলে তার মাথা ঘুরাত।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, ভবনটির মালিক হায়দার আলী নিজেই। তার তিন মেয়ের মধ্যে মারা যাওয়া মোনাম সামাদ তাহমীন ছিল দ্বিতীয়। মেয়েটি চোখে কম দেখত বলে তার পরিবার জানিয়েছে। ছাদে উঠলে আসাবধানতাবশত দশতলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী মোনাম সামাদ।
