এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা দাবি জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রবিবার সন্ধ্যায় মার্কিন ওই রণতরীকে লক্ষ করে এই হামলা করা হয়েছে বলা জানায় গোষ্ঠীটি।
তবে এই ঘটনায় রণতরীর কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জর্ডান সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সৈন্য নিহতের ঘটনায় তেহরান-ওয়াশিংটনের চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলা হল।
এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, হুতি বাহিনীর নৌ সেনারা মার্কিন রণতরী ইউএসএস লুইস বি পুলারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরকে সহায়তা করার জন্য রণতরী লুইস বি পুলার মোতায়েন করা হয়েছিল।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি হুথির সমর্থনের সিদ্ধান্ত পুনরায় নিশ্চিত এবং ইয়েমেনের প্রতিরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।‘
তবে মার্কিন রণতরীতে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও অভিযানের প্রতিক্রিয়ায় নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতি গোষ্ঠী।
শুক্রবার এডেন উপসাগরে হুথিদের নিক্ষেপ করা একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রে রণতরী ইউএসএস কার্নি ডেস্ট্রয়ার। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানো হয়েছে।
মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি বাইডেনের
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে চারজনের ফাঁসি