সাকিব-তামিমের সঙ্গে বৈঠক, দ্রুতই প্রতিবেদন বোর্ডে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে গঠন করা হয়েছিল ৩ সদস্যের বিশেষ কমিটি। দফায় সেই কমিটি বৈঠক করেছে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সঙ্গে। শুধু বাকি ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ নেই তাদের কোনো খেলা। সেই ফাঁকেই কথা বলে নিয়েছেন তারা। এমনকি বিশ্ব আসর থেকে নিজের নাম সরিয়ে নেওয়া তামিম ইকবালের সঙ্গেও বৈঠক সেরেছে কমিটি। দ্রুতই তারা প্রতিবেদন জমা দেবেন বোর্ডে (বিসিবি)।

সিলেট পর্বে আজ সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছেন তিন সদস্যের তদন্ত কমিটি। সেই আলোচনার কোনো কথাই এখনই প্রকাশ করতে নারাজ কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ।

বিশেষ কমিটির প্রধান সিরাজ আজ গণমাধ্যমকে বলেছেন, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি। আমরা দ্রুতই রিপোর্ট বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশাআল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’

বিপিএল শুরুর আগে, এরপর চলাকালে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, তার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত টুর্নামেন্টের মাঝেই ঘোষণা করে জানাবেন। এ ব্যাপারে তদন্ত কমিটিকে কিছু জানিয়েছেন কি না এ প্রসঙ্গে এনায়েত সিরাজ বললেন, ‘না, ভবিষ্যতে খেলবে কি না এরকম কোনো কথা তামিমের সঙ্গে হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত