ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানে পা রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের সঙ্গে সাক্ষাৎ করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শিগগিরই পাকিস্তান সফর করবেন
  • দুই মন্ত্রী রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের সংকল্প ব্যক্ত করেছেন
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম

শীতল সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তানে পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুলাহিয়ান। সোমবার (২৯ জানুয়ারি) ভোরের আলো ফোটার আগেই ইসলামাবাদে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে ‘গভীর আলোচনা’ করতে  ইসলামাবাদে পৌঁছান হোসেইন আমির-আবদুলাহিয়ান। এর মাধ্যমে চলতি মাসের শুরুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা চলছে।

জানা গেছে, পাকিস্তান ও ইরানের সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে দুই মন্ত্রী তাদের বৈঠকে একমত হয়েছেন। এ সময় তারা রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের সংকল্প ব্যক্ত করেন। পাশাপাশি উভয়েই একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার কথা বলেন।

এবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়াও শিগগির ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান সফর করবেন বলে জানা গেছে।

গত ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে প্রথম হামলা চালায় তেহরান। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়। এরপর ১৮ জানুয়ারি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাল্টা হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তান বলেছে, ইরানের হামলায় দুই শিশু নিহত হয়েছে। আর ইরান বলেছে, পাকিস্তানের পাল্টা হামলায় চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ও ইরান— এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন একসময় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যখন কয়েকটি সংকট কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত