ঝিনাইদহ সদরের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রানা হোসেনেকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিলা খাতুন কোড়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, এক বছর আগে কোড়াপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের মেয়ে নিলা খাতুনের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেনের (২৫) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল। সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা নিলাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ ঘাতক স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
