৪ শেখ হাসিনার গাড়িতে হামলায় কারাবন্দির মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ এএম

সাতক্ষীরা কারাগারে বন্দি শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আব্দুস সাত্তার মারা গেছেন। গত রবিবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যু হয় ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত এই আসামির।

আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। কলারোয়ায় কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জেলা সুপার আবুল বাশার জানান, আসামি আব্দুস সাত্তার রাতে বুকে যন্ত্রণা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাত্তার মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রাত ৮টা ১০ মিনিটে সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত