ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ‘চীনে’ যেতে বললেন সাবেক মার্কিন স্পিকার  

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম

ফিলিস্তিনীদের পক্ষে যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের চীনে চলে যেতে বললেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবিতে পেলোসির বাসভবনের বাইরে বিক্ষোভকালে ক্ষুব্ধ এই মার্কিন রাজনীতিক এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিজ বাড়ির বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ধমকের সুরে পেলোসি বলেন, ‘চীনে চলে যাও’। একইসঙ্গে সাবেক এই স্পিকার অভিযোগ করেন, চীনে বিক্ষোভকারীদের ‘সদরদপ্তর’ অবস্থিত।  

আজ মঙ্গলবার এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ন্যান্সি পেলোসি বাড়ির বাইরে পার্ক করা একটি গাড়িতে উঠতে যাচ্ছেন আর বিক্ষোভকারীরা তাকে ঘিরে আছেন। গাজায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। এমন সময় সাবেক হাউস স্পিকার চিৎকার করে বলেন, ‘চীনে চলে যাও, সেখানেই তোমাদের সদরদপ্তর।’

এর আগে ফিলিস্তিনপন্থী কিছু বিক্ষোভকারীর রাশিয়ার সাথে যোগসূত্র থাকতে পারে, এমন মন্তব্য করে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ডেমোক্যাট দলীয় নেত্রী পেলোসি। ওই বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি অবশ্য কোনো তথ্যপ্রমাণ দেননি। তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির আহ্বান আসলে পুতিনের বার্তা। আমার মনে হয়, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করেছেন, তাঁরা আন্তরিক, দায়িত্বশীল। তবে কিছু আছে রাশিয়ার সাথে সম্পৃক্ত। আমি মনে করি, এফবিআইয়ের এ বিষয়ে তদন্ত করা উচিত।’

মার্কিন মানবাধিকারকর্মীদের অনেকে পেলোসির এ অভিযোগকে ‘তথ্যপ্রমাণ ছাড়া কলঙ্কিত করা’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এ ধরনের মন্তব্যে ফিলিস্তিনি জনগণের প্রতি অমানবিকতা প্রকাশ পায়।

গাজায় ইসরায়েলের চলমান অভিযানে এ পর্যন্ত ২৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ হোয়াইট হাউসের আশপাশে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন মানবাধিকার ও যুদ্ধবিরোধী সংগঠন এসব বিক্ষোভের আয়োজন করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত