নাশকতা এড়াতে বিশ্ব ইজতেমার মাঠ ও এর আশপাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে। ইজতেমা মাঠে মুসল্লিদের যাতে কোনো সমস্যা ও ময়দান কেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হতে না পারে সেজন্য সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাবের পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ। তিনি বলেন, দুই পর্বের আখেরী মোনাজাত শেষে মুসল্লিরা নিরাপদে ইজতেমার ময়দান থেকে বাড়িতে যেতে পারবেন এবং ইজতেমায় আগত সকল নিরাপত্তা নিয়ে র্যাব প্রস্তুত রয়েছে। তিনি জানান, নিরাপত্তা একটি সমন্বিত উদ্যোগ। এখানে যারা আছি প্রত্যেককেই এই উদ্যোগে অংশগ্রহণ করার প্রয়োজন রয়েছে। র্যাব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাও দেবে। পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা। রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ।
এছাড়া ৯টি অবজারভেশন পোস্ট, ৯টি ওয়াচ টাওয়ার সার্বক্ষণিক মনিটরিং করছে। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য আকাশপথেও টহলে থাকছে র্যাবের হেলিকপ্টার।
এর বাইরেও ময়দানে থাকছে র্যাবের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স। তুরাগ নদীতে টহলের জন্য থাকছে র্যাবের স্পিডবোট।
