আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সেনাগাল। গতকাল আইভরি কোস্টের সঙ্গে টাইব্রেকারে ৫-৪ এ হারে তারা। দলের হারের পর আফ্রিকান ফুটবল ফেডারেশনকে দুর্নীতিগ্রস্ত বলেছেন, সেনেগালে সাদিও মানের সতীর্থ উইঙ্গার ক্রেপিন দিয়াত্তা।
ম্যাচের ১৬ মিনিটে হাবিব দিয়ালোর গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। ৮৬ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। ভিএআর দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দিয়াত্তার অভিযোগটা এখানেই। এর আগে ম্যাচের ৫৫ মিনিটে বল পায়ে দৌড়ে বক্সে ঢোকেন সেনেগালের সার। তাকে থামানোর চেষ্টা করেন ডিফেন্ডার ওডিলন। সার বক্সে পড়ে গেলেও রেফারি তখন কোন ফাউল দেননি। এমনকি ভিএআরে বিষয়টি আর দেখেননি।
দিয়াত্তা পরে আফ্রিকান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের লক্ষ্য করে বলেন, 'ভিএআর দেখে তাদের (আইভরি কোস্ট) পেনাল্টি দিতে পারেন। যখন আমাদের খেলোয়াড় (সার) বল পায়ে ৪০ মিটার দৌড় দিয়ে বক্সে ঢোকে এবং পড়ে যায় আপনাররা ভিএআর দেখতে চান না। দুঃখিত তবে এটা বলতেই হবে আপনারা আমাদের এই টুর্নামেন্টে মেরে ফেলেছেন। আপনারা দুর্নীতিগ্রস্ত। নেশন্স কাপ রেখে দিন।'
