দীর্ঘ ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ তথ্য গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না।
তিনি বলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের সারা জীবন লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ।'
এর আগে গত বছরের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এ সব মামলায় তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
