এশিয়ান কাপ

হারতে বসা ম্যাচ টাইব্রেকারে জিতে কোয়ার্টারে কোরিয়া

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:২২ পিএম

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচে প্রথমার্ধে সৌদি আরবের দুটো শট গোলবারে আটকে যায়। এ ম্যাচেও নিষ্প্রভ ছিল ক্লিনসম্যানের অধীন কোরিয়ার আক্রমণভাগ। একা সন হিউয়েং-মিন ছাড়া আর কেউ আক্রমণ শানাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবদুল্লাহ রাদিফের গোলে এগিয়ে যায় সৌদি আরব। এ বদলীর শট খুঁজে নেয় কোরিয়ার জালের দূর কোন।

আসর শেষই হয়ে যাচ্ছিল কোরিয়ার। যোগ করা সময়ের নবম মিনিটে চো গুয়ে-সাং এর সমতাসূচক গোল খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের পর বিমর্ষ সৌদি আরবের খেলোয়াড়রা

টাইব্রেকারে সৌদির সামি আল নাজেই ও আবদুল রহমান ঘারিবের শট রুখে দেন কোরিয়ার গোলকিপার জো হেইয়ুন–উ। এ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো কোরিয়ার। শুক্রবার সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

২০২১ সালে ইতালিকে ইউরো জেতান মানচিনি। কোচ হিসেবে দ্বিতীয় বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের লক্ষ্যে সৌদি আরবকে নিয়ে এশিয়ান কাপে এসেছিলেন এই ইতালিয়ান কোচ। বিদায় নেওয়ায় সেটি আর হলো না। তবে একই সুযোগ আছে জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ও দক্ষিণ কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিনসম্যানের। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে কনকাক্যাফ গোল্ড কাপ জিতেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত