মেক্সিকোতে বাস-ট্রাকের সংঘর্ষে আগুন, নিহত ১৯

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ এএম

মেক্সিকোতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সিনালোয়া প্রদেশে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘ঘটনাস্থল থেকে ১৯টি মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের শনাক্ত করতে সময় লাগবে।’

এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত ডাবল-ডেকার বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা নিয়মিত। প্রায়ই উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া উত্তর আমেরিকার এই দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত