ঝালকাঠির নলছিটিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেনকে (৫৯) গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক বছরের সাজার ভয়ে ২৭ বছর ধরে পলাতক ছিলেন আলমগীর। তিনি নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে র্যাব-৮ এর কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
র্যাব-৮ জানায় , ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। পরে ১৯৯৯ সালে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। আলমগীর সাজা এড়াতে তখন প্রবাসে চলে যান। এরপর ২৭ বছর তিনি পলাতক ছিলেন। পলাতক থাকায় ঝালকাঠি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৯ মাস আগে আলমগীর দেশে ফিরে এসে আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের কাছে হস্তন্তর করে।
কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমেনি ঠাণ্ডা