ভোট দিতে না যাওয়ায় ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের বিএনপির ৯ নেতাকর্মীর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ২২ দিন পর গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ সংযোগ পেয়েছে তারা।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের হস্তক্ষেপে বিদ্যুতের সংযোগ পুনরায় দেওয়া হয়। গত ৮ জানুয়ারি চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আদেশে সংযোগ কেটে দেয় পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাজে নিয়োজিত সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ইলেকট্রিশিয়ান। ভুক্তভোগী বিএনপি নেতারা এ অভিযোগ জানান।
যাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল তারা হলেন, কাজীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু রায়হান, চালিতাডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, বিএনপি কর্মী বদিউজ্জামান, হায়দার আলী, জহুরুল ইসলাম, দুদু মিয়া, আজিবার মওলানা ও হাসান সরকার।
কাজীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম কেটে দেওয়া লাইনের পুনরায় সংযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা ছিল বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যেতে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে না যাওয়া গত ৮ জানুয়ারি রাতে চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও কাজীপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেকুল ইসলাম রনুর নেতৃত্ব ২০/২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ৯ নেতাকর্মীর ১৪টি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম বলেন, ‘আমি পল্লী বিদ্যুতের ঠিকাদারের কাজ করি। যখন যে ডাকে তার কাজ করে দিই। ৮ জানুয়ারি রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা চান্দু, আব্দুল কাদের, হায়দার মেকার, শাহাদাত, মুন্নাফ সহ ৫০/৬০ জন আমাকে জোর করে নিয়ে যায়। এরপর লাইন কাটতে বললে আমি কেটে দেই।
চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘বিষয়টি স্থানীয় এমপি তানভীর শাকিল জয়ের হস্তক্ষেপে সমাধান হয়েছে। তারা আবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের কাজীপুর জোনাল অফিসের এজিএম রবিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কেটে দেওয়া সবগুলো সংযোগ পুনরায় দেওয়া হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।
