সিরাজুল ইসলাম চৌধুরী

মিডিয়া মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ এএম

মিডিয়া (গণমাধ্যম) মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, লেখক ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী।

গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রুশ বিপ্লবের নায়ক ভøাদিমির ইলিচ লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে ‘লেনিন ও বর্তমান বিশ্বব্যবস্থা : দেশে দেশে মুক্তির লড়াই’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করেছিল সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইমেরিটাস অধ্যাপক বলেন, ‘আজ চতুর্থ শিল্পবিপ্লবের জয়ধ্বনির কথা শুনছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (কৃত্রিম বুদ্ধিমত্তা) কথা বলা হচ্ছে। এটা নাকি মানুষকে প্রাচুর্যে ভরে দেবে। শ্রমিক-পুঁঁজির দ্বন্দ্ব থাকবে না। তবে এর কারণে পৃথিবী যে কত ভয়ংকর হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না। প্রাচুর্য আসবে বটে, তবে তা মানুষের কাছে পৌঁছাবে না। পুঁঁজিবাদের হাতেই এর মালিকানা থাকবে। মানুষ যন্ত্রের দাসে পরিণত হবে। লেনিন এখানে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন বিপ্লবী। তার রুশ বিপ্লব ছিল সমস্ত পৃথিবীর জন্য। সামাজিক বিপ্লব করতে হলে লেনিনকে আঁকড়ে ধরতে হবে।’ তিনি বলেন, লেনিন প্রচারমাধ্যমের শক্তি দেখেছিলেন তাই পত্রিকা বের করেছেন। এর মাধ্যমে তিনি পুঁজিবাদকে উন্মোচিত করেছেন। আজ মিডিয়া-প্রচারমাধ্যম সাধারণ মানুষের হাতে নেই। এটা মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত