বাণিজ্য মেলায় ‘কারাপণ্য প্যাভিলিয়নে’ বন্দিদের তৈরি হস্তশিল্প

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

বাঁশ-বেত দিয়ে তারা তৈরি করেছেন নানা ধরনের গৃহস্থালি পণ্য, পাট-চামড়া দিয়েও বুনেছেন বাহারি পণ্য। যা বিক্রি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

টেকসই ও ভিন্নতা থাকায় এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে বাঁশ ও বেতের বুননে তৈরি মোড়া, পাটের তৈরি টেবিল-চেয়ার ও শো-পিস। এছাড়াও আছে জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলাসহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা-বিক্রিও বেশ ভালো।

আর এসব দৃষ্টিনন্দন পণ্য তৈরি করেছেন সশ্রম কারবন্দিরা।

মেলায় আসা এক তরুণ বললেন, কারাগারে তারা অবসর সময়টা ভালো কাজে লাগাচ্ছেন, এতে দেশের উপকার হচ্ছে। অপরদিকে এক তরুণী বলেন, পণ্যগুলো দেখতে সুন্দর এবং মান ভালো। কারাবন্দিদের এ কাজ বেশ ইতিবাচক।

এসব পণ্য মিলছে মেলার কারাপণ্য প্যাভিলিয়নে। সেখানে প্রদর্শিত পণ্যের দাম অনান্য জায়গার চেয়ে তুলনামূলক কম। এসব পণ্য বিক্রি হলে কারাবন্দিদের আর্থিক স্বচ্ছলতা আসবে।

একজন ডেপুটি জেলার বলেন, কারাগারে প্রত্যেক বন্দিরই একটা ক্যাশ থাকে। পণ্য বিক্রি করে লাভের একটা অংশের টাকা আমরা সেখানে জমা দিই। তাতে তারা পণ্য কিনে খেতে পারে কিংবা আইনি সহায়তার জন্য আইনজীবীকে দিতে পারে। আবার পরিবারকেও দিতে পারে।

যেসব বন্দির কাজের কিছুটা অভিজ্ঞতা আছে তাদের কারাগারে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর সরকারি কোষাগার থেকে কাচাঁমাল কিনে দেওরার পর তৈরি হয় পণ্য। সরকার ও বন্দির মধ্যে সমান বণ্টন হয় লাভের অর্থ।

দেশের ৩৮টি কারাগারের কয়েদিরা বুনছেন হাতে তৈরি এসব পণ্য। আর ২০১৮ সাল থেকে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে কারা কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত