দুই পাকিস্তানির তাণ্ডবে খুলনার ১৫৫

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

শুরুটা মন্দ করেনি খুলনা টাইগার্স। যদিও সেটা ধরে রাখতে পারেনি তারা। টানা ৪ ম্যাচ জেতা দলটির প্রথম হারের শঙ্কা জাগায় ৮৮ রানে যখন ৭ উইকেট হারিয়ে যায়। তবে দুই পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ যে তাণ্ডব শুরু করেছিলেন, তাতে মান রক্ষা তো বটেই, ১৫৫ রানের লড়াকু পুঁজি পেয়ে যায় খুলনা।

১৬ ওভার শেষে ৭ উইকেটে খুলনা টাইগার্সের রান ছিল ৮৮। শেষ চার ওভারে ব্যাট হাতে ঝড় তুলেন খুলনার দুই পাক অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ। এই দুইয়ের ব্যাটে চড়ে খুলনা ইনিংস শেষ করে ১৫৫ রান স্কোরবোর্ডে জমা করে। ফলে শেষ ২৪ বলে খুলনা পায় ৬৭ রান। ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নওয়াজ। আর ইনিংসের শেষ বলে রান আউটে উইকেট হারানোর আগে ফাহিম আশরাফের ব্যাট থেকে ১৩ বলে আসে ৩২ রান।

খুলনা টাইগার্সের জার্সিতে আজকেই প্রথম ম্যাচ খেলতে নামলেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ের সঙ্গী হলেন। এর আগে টসে জিতেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের তৃতীয় ওভারে আকিফ জাভেদকে অ্যাকশনে এনেই সাফল্য পায় বরিশাল। দারুণ ছন্দে থাকা এনামুল বিজয় ব্যক্তিগত ১২ রানে হয়েছেন বোল্ড।

তিনে নামা হাবিবুর রহমান সোহান দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন। করতে পারেননি দুই রানের বেশি। তবে ব্যতিক্রম ছিলেন পারভেজ হোসেন ইমন। স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন। তবে শোয়েব মালিকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আর উইকেট বাঁচাতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে ইমনের ব্যাট থেকে আসে ৩৩ রান। ২৩ বলের এই ইনিংস সাজানো ছিল ৪ চার ও ১ ছক্কায়।

পরের বলে আফিফ হোসেনের উইকেটও শিকার করে নেন মালিক। প্রথম বলেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় আফিফ ক্যাচ আউটে হন ডাক। দ্রুত দুই উইকেট খুইয়ে চরম বিপাকে খুলনা টাইগার্স। দুর্দান্ত তাইজুল নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নেন মাহমুদুল হাসান জয়ের গুরুত্বপূর্ণ উইকেট। ১৯ বল খেলা জয় এগিয়ে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পড। ব্যক্তিগত ১৩ রানে জয় যখন সাজঘরের পথ ধরেন তখন ৫ উইকেটে খুলনার স্কোরবোর্ডে ৭৩ রান।

তাইজুল দ্বিতীয় স্পেলে এসে বিপাকে ফেলেন দাসুন শানাকাকে। ১৩ বলে ৬ রানের ধীরগতির ব্যাটিং শেষে শানাকা হয়েছেন ক্লিন বোল্ড। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে নাহিদুল ইসলামকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ ইমরান। ৮৮ রানে ৭ উইকেট হারায় তারা।

খুলনা টাইগার্সকে এরপর ম্যাচে ফেরান মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ জুটি। শেষবেলায় এই দুইয়ের ব্যাটিং ঝড়ে শতরান ছাড়িয়ে খুলনা টাইগার্সের সংগ্রহ যায় চ্যালেঞ্জিং স্কোরের লক্ষ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত