প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতারণা, তিন পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ পিএম

রাজশাহীতে প্রাথমিক সহকারী শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিন পুলিশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক ও দুইজন কনস্টেবল।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন কারিমা খাতুন নামের এক পরীক্ষার্থী। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- এএসআই গোলাম রাব্বানী, কনস্টেবল আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, প্রতারণার চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থী শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনের নাম উল্লেখ আছে। বাকি দুজনকে অজ্ঞাতনামা উল্লেখ করেছে ভুক্তভোগী। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এএসআই গোলাম রাব্বানী এবং কনস্টেবল আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুলকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত