স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চিকিৎসকের ওপর হামলা হলে মেনে নেওয়া হবে না

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ এএম

দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডা. নুসরাত তন্বীর ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসকদের ওপর অযাচিত হামলা হলে হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। গতকাল শনিবার  দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তন্বীকে দেখতে এসে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী ডা. তন্বীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শরীয়তপুর জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পর ইতিমধ্যেই সেখানে মূল আসামিদের আটক করেছে প্রশাসন। বাকি সন্ত্রাসীদেরও গ্রেপ্তারের কাজ চলছে। চিকিৎসকদের ওপর যত্রতত্র হামলা হলে সেটি আর মেনে নেওয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

গত বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্বী।  তিনি চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত