সেই বরুণের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতারা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৬ এএম

ঝিনাইদহে জাতীয় নির্বাচনের দুদিন পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত বরুণ ঘোষের বাড়িতে গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহের ওই বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সে সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্ট্রার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা নিহত বরুণ ঘোষের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে তাদের আইনগতসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী নাটক সাজাতে গিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে। তারা সময় সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এবারের নির্বাচন মানুষ বয়কট করেছে। তারা নির্বাচনকে কাজে লাগিয়ে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাচন চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত