বিচারপতি নাজমুল আহাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিচারপতি হিসেবে তিনি অনেকগুলো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

এর মধ্যে সব সরকারি- স্বায়ত্তশাসিত-আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব অনুষ্ঠানে বক্তৃতা শেষে মুক্তিযুদ্ধের রণধ্বনি ‘জয়বাংলা’ স্লোগান উচ্চারণ করে বক্তৃতা শেষ করা, ‘বিচার আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো’, মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা সম্বোধন, বিনা দোষে কারাগারে আটকে থাকা জাহালমকে মুক্তির রায়গুলো উল্লেখযোগ্য। ১৯৮৬ সালের ১৮ মার্চ বরিশাল জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান মিজান। তিনি ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগে ও ২০০৭ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। মাঝে কিছুদিন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান।

পরে ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি বিচারপতি পদে স্থায়ী হন। সবশেষে ২০২২ সালের ৮ জানুয়ারি নাজমুল আহাসান আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে ও বিচার বিভাগে নিয়োগ পাওয়ার আগে আইন পেশার পাশাপাশি দীর্ঘ সময় নাজমুল আহাসান বামধারার রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি বরগুনা ও স্বরূপকাঠির পেয়ারাবাগান এলাকায় অংশ নেন। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ ফেব্রুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজান স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত