গাজীপুরের কালিয়াকৈরে গতকাল রবিবার দুপুরে পাশাপাশি অবস্থিত তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
কিন্তু ভাটাগুলোর আংশিক দেয়াল ভাঙলেও চিমনি না ভাঙায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অপর দিকে একই অপরাধে ভিন্ন ভিন্ন জরিমানায় ক্ষুব্ধ ইটভাটার মালিকরা।
এলাকাবাসী, ইটভাটা কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়িয়া এলাকায় গতকাল দুপুরে তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ। অভিযান চালিয়ে ওই তিন অবৈধ ইটভাটার দেয়ালের আংশিক ভেঙে ১০ লাখ টাকা জরিমানা করা
হয়। কিন্তু ভাটাগুলোর চিমনি ভাঙা হয়নি। এলাকাবাসী বলছেন, কয়েক দিন পরই এসব ইটভাটা আবার চালু হবে।
এস.বি স্টার ইটভাটার মালিক নাছির উদ্দিন বলেন, ‘আমাকে চার লাখ টাকা জরিমানা করলেও একই দোষে দোষী পাশের ভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেন ইউএনও। এটা কেমন বিচার হলো?’
উপজেলা নিবাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘চিমনিটা ভেঙে দিতে পারলাম না সেটা বিষয় না। যেটা ভেঙে দিয়েছি সেটা ছাড়া ইটভাটা চালাতে পারবে না। চিমনি ভাঙা সময় সাপেক্ষ ব্যাপার।’
