শিক্ষায় পদ্মা সেতুর চেয়ে বড় প্রকল্প নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সে প্রকল্প শুধু অবকামোগত হবে না। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য এই প্রকল্প নেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান অডিটোরিয়ামে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে রাজশাহী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা এতে অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের প্রধান সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার প্রমুখ।
নতুন কারিকুলাম নিয়ে তিনি বলেন, চাকরি দাতারা এখন ফলাফল দেখে অথবা সনদ দেখে চাকরি দিতে চায় না। চাকরি দাতারা এখন দক্ষতা দেখতে চায়। ফলাফল ও মুখস্তনির্ভর শিক্ষায় শিক্ষার্থীরা হয়তো ভালো ফলাফল করে, কিন্ত এতে তারা দক্ষ হয় না। নতুন কারিকুলাম দক্ষতা নির্ভর শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।
এ সময় শফিকুর রহমান বাদশা শিক্ষানীতি ২০১০ সময়ের প্রয়োজনে যুগোপযোগী করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় অনেক সম্প্রসারণ করেছি। এখন শিক্ষায় গুণগত পরিবর্তনে কাজ করতে হবে।
