জবরদখল করা বনভূমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযানে পাঁচ বছরে ৪ হাজার ২০৭টি মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, দেশের মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে। বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০ দশমিক ৭৪ শতাংশ। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে জবরদখল করা বনভূমি উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৬ হাজার ৪৭৪ দশমিক শূন্য ৭ একর জবরদখল করা বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে।
সাশ্রয়ী মূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : কৃষক পর্যায়ে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, কৃষককে যাতে আমদানি মূল্যে সার ক্রয় করতে না হয়, সে লক্ষ্যে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার কোটি টাকা উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমদানিকৃত সার কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে টিএসপি প্রতি কেজি ২৭, এমওপি প্রতি কেজি ২০ এবং ডিএপি প্রতি কেজি ২১ টাকায় বিক্রয় করছে। ২০০৯ সালের আগে প্রতি কেজি টিএসপি, এমওপি এবং ডিএপি সারের বিক্রয় মূল্য যথাক্রমে ৮০, ৭০ ও ৯০ টাকা ছিল।
কৃষিকাজে ব্যবহৃত প্রয়োজনীয় কীটনাশকের মূল্য কমানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।
দেশের সব হাসপাতালে স্নাতক পাস ফার্মাসিস্ট নিয়োগের প্রস্তাব : আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সংগতি রেখে রোগীদের উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে স্নাতক ফার্মাসিস্ট নিয়োগের প্রস্তাব দিয়েছেন ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। তার এ প্রস্তাব গ্রহণ করে হাসপাতালগুলোতে উপযুক্ত সংখ্যক ফার্মাসিস্ট নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্মাসিস্টের ৩৭টি পদ রয়েছে। আর সরকারি হাসপাতালের জন্য ফার্মাসিস্টের ১০টি পদ সৃজন করা হয়েছে। অচিরেই এসব পদ পূরণ করা হবে।
