মার্কিন নাগরিকদের নিরাপত্তায় সন্তুষ্ট দূতাবাস: পুলিশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও দেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার সন্তোষ প্রকাশ করে কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লি ও ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর ভেনিসা গোমেজ সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম উপস্থিত ছিলেন।

ডিএমপি জানায়, সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি এবং থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত