ভারতে ৩ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ। আজ বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। এ সময় বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেরত আসাদের মধ্যে নারী ১২ জন, ১১জন শিশু ও ২ জন পুরুষ। ফেরত আসা নারী, শিশু ও পুরুষদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঢাকা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পরে পড়ে তাদের কলকাতায় পাঠানো হয়। সেখানকার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় কোলকাতা পুলিশ তাদের আটক আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর করে সাজা দেন। সাজার মেয়াদ শেষে ভারতের এনজিও সংস্থা নিলুয়াহেম ও কিশোরালয় হোমে আশ্রয় হয় তাদের। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য।