ম্যাচ কমিশনারের ভুলে শিরোপাভাগ্য ঝুলে গেছে সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের। বৃহস্পতিবার ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ১-১ অমিমাংসীত থাকার পর হয়। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা। দু'দলই প্রথম পাঁচ শটে গোল করলে শিরোপা ভাগ্য সাডেন ডেথে গড়ায়। সেখানে ৬-৬ সমতা হলে রেফারি রাই অঞ্জনা খেলার নিয়ম অনুযায়ী পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যেতে চান। তখন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডিলন ডি সিলভা জয়াসুরিয়া পেনাল্টি শ্যুট আউট বন্ধ করে কয়েন টসে শিরোপা নির্ধারণের জন্য রেফারিকে নির্দেশ দেন। সে মতে কয়েন টস হলে ভারত ভাগ্য পরীক্ষায় জিতে শিরোপা উদযাপন করতে থাকে। যেটা মেনে নেয়নি বাংলাদেশ।
জোড় প্রতিবাদ জানায় দলের ফুটবলার ও কর্মকর্তা। সে সময় রেফারি অ্যাসেসর তৈয়ব হাসান সামসুজ্জামান মাঠে গিয়ে ম্যাচ কমিশনারকে বাইলজ ব্যাখ্যা করে জানান যে নিস্পত্তি না হওয়া পর্যন্ত পেনাল্টি শ্যুট আউট চলতে থাকবে। তখন সাফের কর্তারা তাদের প্লেয়িং কন্ডিশন ঘেটে দেখে কয়েন টসে শিরোপা নির্ধারিত হওয়ার কোন কিছু কোথাও নেই। তখন ম্যাচ কমিশনার মাঠে গিয়ে দুই দলের ম্যানেজারদের ডেকে পেনাল্টি শ্যুট আউট চলতে থাকার কথা বললে ভারত তা প্রতিবাদ করে এবং এক পর্যায়ে মাঠ ছেড়ে চলে যায়। এখন পর্যন্ত টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ দলও এখনো মাঠ ছেড়ে যায়নি।
