ভাশুরের বঁটির কোপে গৃহবধূর কবজি বিচ্ছিন্ন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৮ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাশুর (স্বামীর বড় ভাই) মানিক মিয়ার বঁটির কোপে সাবিনা (৩৫) নামে এক গৃহবধূর হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দুপুরের দিকে মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাবিনা ওই এলাকার ওমর মিয়ার স্ত্রী। আহত অন্য দুজন হলেন ওমর মিয়ার বোন চাঁদনী ও ইতি। সাবিনা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন মানিক মিয়া (৪০) ও তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্য সানারপাড় এলাকার প্রয়াত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া ও সুমন মিয়ার সঙ্গে ওমর মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে ভাইদের মধ্যে বিরোধ চরম রূপ নেয় অবিবাহিত বোন ইতিকে নিয়ে। কেউ তার ভরণপোষণের দায়িত্ব নিতে চায় না। তবে সৌদি প্রবাসী ভাই জুবায়ের মিয়ার দেওয়া অর্থ ও টিউশনি করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ইতি। ইতিকে নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

জানতে চাইলে আহত ইতি বলেন, ‘আমার বড় ভাই মানিক মিয়া ও সুমন মিয়া আমাকে কোনোভাবেই সহ্য করতে পারেন না। চলার কিছু খরচ দেন সৌদি প্রবাসী ভাই জুবায়ের। মাঝে মাঝে ভাই ওমর মিয়া খোঁজখবর নেন। তবে তার আর্থিক অবস্থা ভালো না। দুপুরে গ্যাসের চুলায় সাবিনা ভাবি আমার জন্য খাবার রান্না করতে গেলে বড় ভাবি ফাতেমা গালাগালি শুরু করেন। তখন আমি ও বোন চাঁদনী প্রতিবাদ করলে বড় ভাই মানিক, সুমন ও ভাবি ফাতেমা আমাদের দুই বোনকে মারধর শুরু করেন। একপর্যায় মানিক ভাই বঁটি দিয়ে আমাকে লক্ষ্য করে কোপ দেন। তখন সাবিনা ভাবি তা ঠেকাতে গিয়ে তার হাত কবজি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত