ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৮ হাজার ছুঁই ছুঁই

  • গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম

চার মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে তাণ্ডবলীলা চালাচ্ছে ইসরায়েল। গাজার প্রতিটি স্থানে আকাশ হামলার পাশাপাশি স্থল অভিযান ও চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।  

ইসরায়েলের এই বর্বর হামলায় এই উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন।

শনিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, দক্ষিণ, পশ্চিম ও উত্তর গাজায় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির সেনাবাহিনী আরও জানিয়েছে যে, তাদের বাহিনী গত দিনে কেন্দ্রীয় গাজায় বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যা করেছে এবং অন্যদের আটক করেছে। এ সময় রকেট চালিত গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ সহ অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে সামরিক বাহিনীকে রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এবং হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বর্তমানে গাজার ২৩ লাখের মধ্যে অর্ধেকের বেশি মানুষ রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে বাড়ি-ঘর নেই, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও নেই। রাফাহতে হামলা হলে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলছে জাতিসংঘ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত